শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে এক মৎস্য খামারির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার হাবির দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মো. নজরুল সরদার (৩৭) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী নজরুল সরদার জানান, তিনি কুমড়াকান্দি এলাকায় দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। বুধবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।
তিনি অভিযোগ করে বলেন, “কে বা কারা রাতে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের সব মাছ মারা গেছে। পুকুরে বিভিন্ন প্রজাতির অন্তত পাঁচ মণের বেশি মাছ ছিল। এতে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

