ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালী থেকে একটি নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলে করে রাজন ও ইব্রাহিম ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে নারানখালী ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা রাজন শেখ ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোটরসাইকেল চালক ইব্রাহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িটিতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

