নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ৩০ শিশু।
শুক্রবার (২৯ মে) বিকেলে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর একজন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ছেলে আয়ান (৯ মাস) এবং অন্যজন ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (৩ মাস)। তারা দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বর্তমানে ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ১২৯ শিশু। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত ফরিদপুর জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৯২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮৩১ জন।

