মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই কিশোর আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও ফুটওভার ব্রিজের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও পেছনের আরোহী গুরুতর আহত হন।
আহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা আসাদুল্লাহর ছেলে জারিফ (১৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা হাসান শরীফের ছেলে সাদ হাসান (১৭)।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

