ঝালকাঠি প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিবা আমিনা আল গাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. এজাজ হাসান, সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

