কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে আওরাবুনিয়া, শৌলজালিয়া ও পাটিখালঘাটা ইউনিয়নের ১২ জন তথ্যসংগ্রহকারী এবং তিনজন সুপারভাইজার প্রশিক্ষণে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বক্তব্যে তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ বাস্তবায়নে সরকার কাজ করছে।
এ সময় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

