ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের চারটি দলে বিভক্ত করে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায় ১১০ জন প্রাক্তন ক্রিকেটার অংশ নেন।
দীর্ঘদিন পর একসঙ্গে মাঠে নামতে পেরে সাবেক ক্রিকেটারদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই ফরিদপুর স্টেডিয়াম সাবেক খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক ক্রিকেটারদের পুনর্মিলন, পুরোনো স্মৃতি রোমন্থন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
পুনর্মিলনীতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, বিভিন্ন লিগে খেলা অভিজ্ঞ খেলোয়াড় এবং ফরিদপুর জেলা দলের সাবেক খেলোয়াড়রা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার মোখলেসুর রহমান বাবলু, কাজী আসাদ, আইসিসি প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, গোলাম নাসিম, তালহা জুবায়ের, মাহবুব আলম রবিন, জহির উদ্দিন সজল, আশফাক আলী রাহাত, মাহবুবুল আলম নিক্কন, রুবায়েত ফেরদৌস জামি, সায়ফুর রহমান সজিবসহ ১১০ জন সাবেক ক্রিকেটার।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় ফরিদপুর ক্রিকেট একাডেমি, তালহা-জুবায়ের একাদশ, এভারগ্রিন একাদশ এবং এফকেসিসি একাদশ অংশগ্রহণ করে।
ফাইনালে তালহা-জুবায়ের একাদশের মুখোমুখি হয় এফকেসিসি একাদশ। প্রথমে ব্যাট করে এফকেসিসি একাদশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তালহা-জুবায়ের একাদশ ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে শিরোপা জয় করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এছাড়া ‘ম্যান অব দ্য ম্যাচ’ ও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রিত সাবেক জাতীয় ক্রিকেটারদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

