মাদারীপুর প্রতিনিধি
দলের মধ্যে বিভাজন ও মতবিরোধ দূর করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেছেন, দলীয় ঐক্য বজায় না থাকলে আগামী নির্বাচনগুলো কঠিন হয়ে পড়বে।
শনিবার (৩০ মে, ২০২৬) বিকেলে মাদারীপুর পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মাদারীপুর জেলা বিএনপি।
তিনি বলেন, “আগামীর নির্বাচন এত সহজ হবে না, যদি দলের মধ্যে বিভাজন থাকে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো সময় আছে নিজেদের মধ্যে দূরত্ব ভুলে একসঙ্গে কাজ করুন। সামনে উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম রয়েছে। ঐক্যবদ্ধ না হলে এসব নির্বাচন আমাদের জন্য সহজ হবে না।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যক্রম ও মিছিল-সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হতে পারে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জাতীয় উন্নয়নে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং সঞ্চালনা করেন মিজানুর রহমান মুরাদ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

