কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ঈদুল আজহা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার কচুয়া এলাকার মো. আব্দুস সালাম ফকিরের বাড়ির পেছনের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাতঘর যুবকদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মো. মিন্টুর ঘোড়া প্রথম স্থান, মহসিনের ঘোড়া দ্বিতীয় স্থান এবং রিফাতের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান খান বিপ্লব, রুবেল যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আতিকুর রহমান রুবেল, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোড়দৌড়কে কেন্দ্র করে মাঠের চারপাশে বসে গ্রামীণ মেলা। এতে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু ও যুবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শত শত দর্শক উৎসবমুখর পরিবেশে ঘোড়দৌড় উপভোগ করেন।
স্থানীয়রা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর ঈদ উপলক্ষে এ ধরনের আয়োজন করা হয়। এতে একদিকে যেমন বিনোদনের সুযোগ সৃষ্টি হয়, অন্যদিকে নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়।

