Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, বিএনপি নেতার ভাঙারি দোকান থেকে উদ্ধার মালামাল

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। চুরি হওয়া মালামালের অধিকাংশই উদ্ধার করা হয়েছে স্থানীয় এক বিএনপি নেতার ভাঙারি দোকান থেকে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ মে) দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত একটি ভাঙারি দোকান থেকে ইউনিয়ন ভূমি অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।

দোকানটি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খানের। অভিযানের সময় দোকানে থাকা তার শ্যালক হালিম (৩৫)কে আটক করে পুলিশ।

ভূমি অফিস সূত্রে জানা যায়, ঈদের ছুটির আগে অফিসে তালা লাগিয়ে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। রোববার সকালে দৌলতদিয়া ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা মো. রাজিব প্রামানিক অফিসের বাইরে বিদ্যুতের তার ঝুলতে দেখে সন্দেহ করেন। পরে ভেতরে গিয়ে তিনি দেখতে পান জানালার গ্রিল ও দরজার তালা ভাঙা, অফিসের কম্পিউটার, ফ্যান, সার্ভিস তার, পানির মোটরসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ নথিপত্রও তছনছ করা হয়েছে।

অফিস সহায়ক মো. বেলাল মণ্ডল জানান, খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।

অভিযান চলাকালে আইয়ুব আলী খানের ছোট ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান সাংবাদিকদের বলেন, ভাঙারি দোকানে বিভিন্ন ব্যক্তি নানা ধরনের মালামাল বিক্রি করতে নিয়ে আসে। কোনটি চোরাই মাল তা সবসময় শনাক্ত করা সম্ভব হয় না। তবে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে যেভাবে ভাঙচুর করে মালামাল লুট করা হয়েছে, এটিকে সাধারণ চুরি না বলে ডাকাতি বলাই যথাযথ। বিভিন্ন ভাঙারি দোকানে অভিযান চালিয়ে অনিক খানের দোকান থেকে চুরি যাওয়া ১১টি মালামালের মধ্যে ৯টি উদ্ধার করা হয়েছে। তবে কম্পিউটার মনিটর ও সিসিটিভির ডিভিআরসহ কয়েকটি মালামাল এখনো উদ্ধার হয়নি।”

তিনি আরও বলেন, দোকানটির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবশিষ্ট মালামাল দ্রুত উদ্ধার করে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।