গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত এক ব্যতিক্রমধর্মী প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা। রোববার (৩১ মে) উপজেলার পারুলিয়া স্কুল মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও খেলায় অংশ নেওয়ায় গ্রামীণ মাঠেই আন্তর্জাতিক আবহ তৈরি হয়।
খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে পুরো মাঠ মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, “আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন ক্রীড়া আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনটি স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

