কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের বাহিরশিমুল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেহেদী হাসান ফয়সাল উপজেলার কোনেরবাড়ী গ্রামের হান্নান শেখের ছেলে।
অভিযোগকারী ইউছুপ আলী দাড়িয়া বাহিরশিমুল, কোনেরবাড়ী ও বহলতলী মৎস্য সমবায় সমিতির সভাপতি এবং কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি।
ইউছুপ আলী দাড়িয়া জানান, বাহিরশিমুল এলাকায় প্রায় ৪০০ বিঘা জমিতে গত চার বছর ধরে তারা মাছের ঘের পরিচালনা করে আসছেন। কয়েকদিন আগে মেহেদী হাসান ফয়সাল তার ঘেরের নৈশ প্রহরীর কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে শনিবার বিকেলে ফয়সাল কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘেরপাড়ের অফিসঘরে হামলা চালান। এ সময় অফিসে ভাঙচুর করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
ঘেরের নৈশ প্রহরী অমিত বাগচী বলেন, “শনিবার বিকেলে ফয়সাল লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ অফিসঘরে এসে ভাঙচুর চালায়। পরে আমাকে ঘর থেকে বের করে দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেহেদী হাসান ফয়সালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “ইউছুপ আলী দাড়িয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে।

