মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে এক ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে নগদ প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে মিটাইন বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একমি ঔষধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি রবিউল দিনভর বিভিন্ন বাজার থেকে বকেয়া টাকা সংগ্রহ করেন। সন্ধ্যায় নওপাড়া বাজার থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে মিটাইন বাজারের দিকে রওনা দেন তিনি। পথে তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার কাছে থাকা নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
আহত রবিউল জানান, দিনভর বিভিন্ন বাজার থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় অভিযোগ দিতে যান।
মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
মধুখালী থানার পরিদর্শক সুকদেব রায় বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

