দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া সুগার মিল অবিলম্বে চালুর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় জগতিস্থ কুষ্টিয়া সুগার মিলের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন, সরকার কুষ্টিয়া সুগার মিলকে অলাভজনক দেখিয়ে বন্ধ করে রেখেছে। অথচ অতীতে মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে এই মিলকে লাভজনক অবস্থানে নিয়ে যাওয়ার নজির রয়েছে। তিনি অবিলম্বে মিলটি চালুর দাবি জানান।
তিনি আরও বলেন, “আপনারা যদি না পারেন, তাহলে এই মিল আমাদের হাতে দিয়ে দিন। আমরা দেখিয়ে দেব, কীভাবে এই মিলকে লাভজনক করতে হয়।”
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াত আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসিন আলী এবং কুষ্টিয়া শহর শাখার সভাপতি লাকনুর রহমানসহ স্থানীয় নেতারা। সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

