আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ১৪ হাজার জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া এলাকায় নদীর ভাঙনপ্রবণ ১১০ মিটার অংশে এ কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মধুমতি নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে চরখোলাবাড়িয়া এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নেয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে যায় আটটি বসতঘর। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন নদীতীরবর্তী পরিবারগুলো। হুমকির মুখে রয়েছে আরও শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা।
ভাঙন থেকে বসতভিটা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ভাঙন প্রতিরোধে জরুরি উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মো. আলামিন মিয়া ও রবিউল ইসলামসহ অনেকে বলেন, জিওব্যাগ ফেলার উদ্যোগে আপাতত ভাঙনের তীব্রতা কমতে পারে। তবে দীর্ঘমেয়াদে নদীভাঙন ঠেকাতে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি।
তাঁরা আরও বলেন, নদীভাঙনে ইতোমধ্যে অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে। নতুন করে বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। তাই জিওব্যাগ ফেলার পাশাপাশি দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণে সরকারের কার্যকর উদ্যোগ চান তাঁরা।
স্থানীয়দের প্রত্যাশা, জরুরি এ কার্যক্রমে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে মধুমতি নদীর অব্যাহত ভাঙন থেকে চরখোলাবাড়িয়া ও আশপাশের জনবসতি রক্ষা করা সম্ভব হবে।

