যশোর প্রতিনিধি
যশোর শহরের তীব্র যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্যান ও রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। একইসঙ্গে পৌরসভার অনুমোদনহীন সব ভ্যান-রিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ জুলাই থেকে ড্রাইভিং লাইসেন্স এবং পৌরসভার বৈধ অনুমোদন ছাড়া কোনো ভ্যান বা রিকশা যশোর শহরে চলাচল করতে পারবে না। বর্তমানে পৌরসভার নিবন্ধিত প্রায় ৭ হাজার ৭০০ ভ্যান-রিকশা রয়েছে। এর বাইরে থাকা যানবাহনকে অবৈধ হিসেবে গণ্য করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “যশোর শহরের যানজটের অন্যতম কারণ লাইসেন্সবিহীন ও অনিয়ন্ত্রিত ভ্যান-রিকশা। এখন থেকে শুধু গাড়ির নিবন্ধন নয়, চালকেরও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বিষয়টি জনসাধারণকে অবহিত করতে দ্রুত মাইকিং ও প্রচারণার নির্দেশ দেন। পাশাপাশি বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও পৌরসভার সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি যাচাই-বাছাই শেষে চালকদের ৭ থেকে ১০ দিনের প্রশিক্ষণ প্রদান করবে এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের লাইসেন্স দেওয়া হবে।
সভায় পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, শহরের প্রধান প্রবেশপথগুলোতে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হবে। কোন সড়কে কোন সময়ে কী ধরনের যানবাহন চলবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং সড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান জানান, আগামী ১ জুলাই থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু হবে।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যানজটমুক্ত শহর ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাবে।”
সভায় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়াত, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ, র্যাবের এসপি রেজাউল হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

