মো.রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে জামালপুরের মেলান্দহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিটি মেলান্দহ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের নতুন ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে তামাকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া, সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বক্তব্যে ডা. আহসান হাবীব বলেন, তামাক ব্যবহার শুধু একজন ব্যক্তির নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টসহ নানা জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। পাশাপাশি পরোক্ষ ধূমপানের কারণে শিশু ও নারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন।
তিনি তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে ইউএনও জিন্নাতুল আরা বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি শুধু স্বাস্থ্যগত নয়, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাও সৃষ্টি করে। নতুন প্রজন্মকে লক্ষ্য করে বিভিন্ন কৌশলে তামাক ও নিকোটিন পণ্য বাজারজাত করা হচ্ছে। এসব প্রলোভনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জোরদার করাও জরুরি। আগামী প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়তে তামাক ও নিকোটিনের ব্যবহার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং তামাকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

