নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার দায়ে ‘গোমতি ফায়ার টেকনোলজি’ নামে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. খালিদ হোসেন শিমুল জানান, মাধবদীর ভগিরথীপুর এলাকায় অবস্থিত গোমতি ফায়ার টেকনোলজি প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের কোনো গুণগত মান যাচাই ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করে আসছিল।
এ ধরনের অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি অসিত কুমার ভাওয়ালকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়।
নরসিংদী বিএসটিআইয়ের উপপরিচালক কে. এম. হানিফ বলেন, জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অগ্নিনির্বাপক যন্ত্রের মতো নিরাপত্তাসংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

