আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান ও মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত ফেন্সিডিল ও ভারতীয় ওষুধের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

