জুলফিকার বাবলু,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে মাফিজ এবং সিধুলী ইউনিয়নের রায়েরছড়া গ্রামের তারা মিয়ার ছেলে আরিফ।
পরিবারের দাবি, জীবিকার তাগিদে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যাওয়ার পর তারা সেখানে ড্রোন হামলায় নিহত হন। নিহত মাফিজ প্রায় এক মাস আগে রাশিয়ায় যান এবং গত ২৯ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন কোনো খোঁজ না পাওয়ার পর সোমবার (১৫ জুন) তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।
নিহত মাফিজের পরিবার অভিযোগ করে বলেন, তাকে দালালচক্রের মাধ্যমে রুশ সেনাবাহিনীর কাছে “বিক্রি করে দেওয়া” হয়েছিল। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে নিহত আরিফ দেড় মাস আগে জীবিকার উদ্দেশ্যে রাশিয়ায় গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, তাকেও একইভাবে দালালচক্র সেনাবাহিনীর কাছে পাঠিয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারগুলো তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে এবং এ ঘটনায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

