স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতি থানার একটি গ্রামে ১০ বছরের এক শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিদ্দিক মোল্যা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সিদ্দিক মোল্যা ওই গ্রামের মৃত আবু বক্কর মোল্যার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১৪ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুটি তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে তাল কুড়াতে যায়। এ সময় পাটখেতে কাজ করছিলেন অভিযুক্ত সিদ্দিক মোল্যা। তিনি শিশুটির হাত ধরে টেনে পাটখেতে নিয়ে যান এবং তার ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পাটখেতের ভেতরে নিয়ে শিশুটির ওপর ধর্ষণের চেষ্টা চালান।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত সিদ্দিক মোল্যা পালিয়ে যান।
ঘটনার পরদিন সোমবার (১৫ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে মামলা দায়ের করেন। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে সিদ্দিক মোল্যাকে গ্রেফতার করে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মঙ্গলবার (১৬ জুন) সকালে বলেন, “শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি সিদ্দিক মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।”

