হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার নলডুবরি শাহবাজপুর দাখিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
মাদ্রাসার সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সুপারিনটেনডেন্ট মাওলানা মো. এনামুল হকের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী।
এ সময় উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. তোজাম্মেল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মাণাধীন ভবনটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স ওহাব কনস্ট্রাকশন।
এছাড়া একই দিনে উপজেলার মনাকষা দাখিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ড. কেরামত আলী। মাদ্রাসার সভাপতি মো. ফারেকুল আলম মিয়ার সভাপতিত্বে ও সুপারিনটেনডেন্ট আলহাজ মাওলানা মো. রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মনাকষা দাখিল মাদ্রাসার ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলাম এবং মনাকষা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ড. কেরামত আলী বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান শুধু ভবন বা অবকাঠামোর ওপর নির্ভর করে না। শিক্ষার গুণগত মান, পরীক্ষার ফলাফল এবং সুন্দর শিক্ষার পরিবেশই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়। তাই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।”
তিনি শিক্ষা প্রতিষ্ঠান দুটির সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

