নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় কহিনুর বেগম ওরফে ফাহিমা হত্যা মামলায় সোহেল রানা ওরফে হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে কহিনুর বেগমের স্বামী ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সময় কহিনুর বাড়িতে একা ছিলেন। পূর্বপরিচিত ও পারিবারিকভাবে ঘনিষ্ঠ হওয়ায় সোহেল রানা ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার দিন এই সুযোগে তিনি বাড়িতে প্রবেশ করেন। পরে ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
পরে বাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনের করা মামলায় তদন্ত শেষে সোহেল রানাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নওগাঁর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান। তিনি জানান, সাক্ষীদের সাক্ষ্য, চিকিৎসা প্রতিবেদন, আসামির সঙ্গে নিহতের পূর্বপরিচয় এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড দেন।
রায়ে অর্থদণ্ডের পাঁচ লাখ টাকা আদায় হলে তা মামলার এজাহারকারীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।

