জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাবিরুল ইসলাম।
আটকরা হলেন—পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (৪৫) এবং ছিট মানিক গ্রামের তোফাজ্জলের ছেলে মো. গোলাম কিবরিয়া (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের খলিল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আব্দুর রশিদ ও গোলাম কিবরিয়াকে আটক করা হয়।
পাঁচবিবি থানার ওসি তাবিরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

