হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় গবাদিপশুর জন্যও ভেটেরিনারি চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পে আগত শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

