ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পশ্চিম ভোয়াগ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. শহিদ উল্লাহ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শহিদ উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. মোস্তফার পরিবারের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে মো. মোস্তফা (৫০), মনোয়ারা বেগম (৪৫), দেলোয়ার হোসেন (৫২) ও কলিমা আক্তার (২৪) দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হামলায় তিনি, তার স্ত্রী খালেদা আক্তার (৪৪), বড় ভাই মোহাম্মদ উল্লাহ সিরাজ (৪৮) এবং ভাতিজি রিফি খাতুন (৪০) আহত হন। হামলাকারীরা তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে মো. শহিদ উল্লাহ বলেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

