মাদারীপুর প্রতিনিধি
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার এবং সেখানে মাফিয়া চক্রের হাতে তুলে দিয়ে ৪৯ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মামলার প্রধান আসামি জুলহাস সরদার (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে রাজধানীর কদমতলীর স্মৃতিধারা আবাসিক এলাকা থেকে র্যাব-৮ (মাদারীপুর) ও র্যাব-১০ (যাত্রাবাড়ী) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে জুলহাস সরদারসহ ৯ সদস্যের একটি চক্র ২৩ লাখ টাকা নেয়। পরে তাকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে ছেলেকে মুক্ত করতে আরমানের পরিবারকে কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য করা হয়।
এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়।
গ্রেপ্তার জুলহাস সরদার মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে। র্যাবের দাবি, তার বিরুদ্ধে মানবপাচার, হত্যা এবং সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

