ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে মাদক সেবন ও এলাকাবাসীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ৬ পিস ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে ধ্বংস করা হয়।
বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার রাজার চর ওয়াজ হাওলাদার কান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চন্দ্রপাড়া গ্রামের মো. আশরাফ কাজীর ছেলে আমিনুল কাজী (৩১) এবং খলিল শেখের ছেলে আজিজুল শেখ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই যুবক মাদক সেবন করে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক কেনার চেষ্টাকালে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর তারা নিজেদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে জব্দ করা ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। অভিযানে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকের বিস্তার রোধে জনসাধারণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।”

