বাগেরহাট প্রতিনিধি
সংবাদমাধ্যমে সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থী ইকনের জীবনসংগ্রামের খবর প্রকাশের পর দেশ-বিদেশ থেকে তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন অসংখ্য শুভানুধ্যায়ী। পড়ালেখা চালিয়ে যেতে এবং পরিবারের দুর্দিন কাটিয়ে উঠতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক ও মানবিক সহায়তার আশ্বাস মিলছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি ইকনের শিক্ষা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন এবং ইকনের বড় মামা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই বাবার আকস্মিক মৃত্যুর পর দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। পরদিন সকালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার এই সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এরপর থেকেই দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন ইকনের পড়াশোনা অব্যাহত রাখা এবং তার পরিবারের পাশে দাঁড়াতে সহায়তার উদ্যোগ নিচ্ছেন।

