Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে এজলাসে বসে আইনজীবীকে পেপারওয়েট ছুড়ে মাথা ফাটানোর ঘটনায় সেই বিচারককে বদলি

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে আদালতের এজলাসে বসে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর দিকে পেপারওয়েট ছুড়ে মারার ঘটনায় আলোচিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে বদলি করেছে সরকার। তাকে গোপালগঞ্জ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল গোপালগঞ্জ থেকে বদলি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে ২৩ জুলাই অপরাহ্নে বর্তমান পদের দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ বিচারকার্য চলাকালে আদালতকক্ষের পেছনে কয়েকজন আইনজীবী ও মক্কেলকে কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর জেলা আইনজীবী সমিতির নেতারা বিচারকের আচরণের তীব্র নিন্দা জানান। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে আইনজীবীদের একাংশ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সমাবেশ করেন। তারা বিচারকের প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ ঘটনার পরদিনই সরকারের জারি করা প্রজ্ঞাপনে বিচারক মো. সুজন মিয়াকে গোপালগঞ্জ থেকে বদলি করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।