ফরিদপুর প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বিষয়টি নিশ্চিত করেন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মো. ওবায়দুর রহমানকে কেন্দ্র করে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দলীয় সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তিবিশেষের অপকর্মের দায় বিএনপি কখনো নেবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

