চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের একটি বেগুনক্ষেত থেকে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার উসমানপুর গ্রামের কাটাখালী মাঠে নিজ বেগুনক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী উসমানপুর গ্রামের বিশ্বাসপাড়ার বাসিন্দা এবং মৃত রস্তম মণ্ডলের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বেগুনক্ষেতে সার দিতে বাড়ি থেকে বের হন হাসেম আলী। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাতে এবং শুক্রবার সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে স্বজনরা তার বেগুনক্ষেতে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাসেম আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

