Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৪, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজে আয়োজিত শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।

উপাচার্য বলেন, একটি জাতির উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না; বরং সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ওপর নির্ভরশীল। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়েই একটি মেধাভিত্তিক, মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মনন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

ড. আমানুল্লাহ বলেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ঘুরে দাঁড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার পর এখন উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের শিক্ষা ব্যবস্থার সংকট কাটিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে আরও বিনিয়োগ প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর মাধ্যমে উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে।

প্রবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, বিদেশগামী কর্মীদের আরবি, মান্দারিন, জাপানি, কোরিয়ানসহ সংশ্লিষ্ট দেশের ভাষায় প্রশিক্ষণ দেওয়া গেলে কর্মসংস্থানের সুযোগ ও বৈদেশিক মুদ্রা আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

আলোচনা সভা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’ ও ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন উপাচার্য। তিনি একটি বনজ ও একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধ্যাপক ড. নওশের ওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।