বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন হিসেবে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান বাগেরহাট ইসলামী হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আধুনিক চিকিৎসা সুবিধা ও স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শহরের সোনাতলা এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, বাগেরহাট ইসলামী হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান এবং সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
এছাড়া হাসপাতালের পরিচালকবৃন্দ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ডিজিটাল ডাটা ব্যবস্থাপনা এবং দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে বাগেরহাট ইসলামী হাসপাতাল জেলার মানুষের জন্য বিশ্বস্ত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে। অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ও আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, প্রতিষ্ঠানটিকে বাগেরহাটবাসীর আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং অভিজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।
হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য ব্যবসা নয়, সেবা। রোগীদের জন্য মাত্র ২০০ টাকা পরামর্শ ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও খুলনার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই হাসপাতালের মাধ্যমে বাগেরহাটের মানুষ নিজ জেলাতেই আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন, যা জেলার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

