Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় সাক্ষী দেওয়ার জেরে প্রবীণকে কুপিয়ে জখমের অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামে পূর্বের একটি মামলায় সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে কুটি মোল্যা (৬৪) নামে এক প্রবীণ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। একই দিন বিকেলে আহত কুটি মোল্যার ছেলে রবিন মোল্যা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় শামচু মোল্যার সঙ্গে ইসমাইল মোল্যার জমিজমা-সংক্রান্ত একটি মামলায় কুটি মোল্যা সাক্ষী ছিলেন। ওই মামলায় সাক্ষ্য দেওয়ার পর থেকেই অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন হেলেঞ্চা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে টিকরপাড়া গ্রামের একটি ইটের সড়কে একদল ব্যক্তি তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র, লোহার রড, এসএস পাইপ, হকিস্টিক ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তার ডান হাত ভেঙে যায় এবং ডান পায়ে গুরুতর আঘাত লাগে। হামলার সময় তার শার্টের পকেটে থাকা ১০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ সময় আহতকে উদ্ধার করতে গেলে তার পুত্রবধূ ইয়াসমিন বেগমকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং তার গলায় থাকা প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় মামলা করলে বাড়িঘরে আগুন দেওয়া, দেশছাড়া করা এবং লাশ গুমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা আহত কুটি মোল্যাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আবিদ হাসান জানান, আহত কুটি মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ডান হাত ভেঙে গেছে এবং ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে।

স্থানীয় বাসিন্দা বাপ্পি মোল্যাসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত কুটি মোল্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযুক্ত ইসমাইল মোল্যার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য পলাশ মাহমুদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. আল আমিন বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।