রাকিব চৌধুরী, নবধারা
গোপালগঞ্জে যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাস মেয়াদি ৭০তম ব্যাচের আবাসিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহানা সুলতানা।
অনুষ্ঠানে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা, প্রশিক্ষণের বিভিন্ন দিক এবং আত্মকর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি শাহানা সুলতানা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করতে তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্র গোপালগঞ্জের সহকারী পরিচালক মো.সাজেদুল হক, সিনিয়র কৃষি প্রশিক্ষক রামীম হাসান সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

