গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চামটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মুকসুদপুর উপজেলার সন্দিয়াঘাট গ্রামের অশিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার নাগরদী গ্রামের মাহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহিন বেপারির ছেলে ফয়সাল বেপারি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা ব্রিজ এলাকা থেকে দুইটি মোটরসাইকেলে থাকা তিন যুবক বেপরোয়া গতিতে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু নিহত হন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা ফয়সাল ও উজ্জ্বল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব জানান, শুক্রবার বিকেলে ওই তিন যুবক দুইটি মোটরসাইকেলে করে মুকসুদপুরের সিন্দিয়াঘাট এলাকা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা ব্রিজের দিকে যান। পরে সন্ধ্যায় সেখান থেকে আবার বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে টেকেরহাটের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

