নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের বিভিন্ন মহাসড়কের মাঝখানে সেকেন্ডারি বর্জ্য ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন গাজীপুর সিটি করপোরেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, মহানগরীর চৌরাস্তা, ভোগড়া বাইপাস, চেরাগআলী বাটাগেটসহ বিভিন্ন স্থানে মহাসড়কের মাঝখানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ কোনো পরিকল্পিত নগর ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি অভিযোগ করেন, মহাসড়কের মাঝখানে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে যানজট বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। একই সঙ্গে এসব স্থানের আশপাশের দোকানপাট, শিল্পকারখানা ও পথচারীদেরও নানা ধরনের সমস্যার মুখে পড়তে হবে।
ড. হাফিজুর রহমান বলেন, “মিনিট্রাক ও ভ্যানে করে মহাসড়কের মাঝখানে ময়লা ফেলা হবে, আর সেই পথ দিয়েই মানুষ চলাচল করবে—এ ধরনের ব্যবস্থা কোনো সভ্য নগরের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এসব ডাম্পিং স্টেশনের উদ্বোধন করে বর্জ্য ব্যবস্থাপনার সফলতার কথা বলছেন। তবে নগরবাসীর স্বার্থ বিবেচনা করলে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
ড. হাফিজুর রহমান অবিলম্বে মহাসড়কের মাঝখান থেকে এসব ডাম্পিং স্টেশন অপসারণ করে উপযুক্ত স্থানে স্থানান্তরের আহ্বান জানান। তিনি বলেন, “গাজীপুর মহানগরের উন্নয়ন করতে না পারলে অন্তত এটিকে নষ্ট করবেন না।”
তবে এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

