মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিককে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, ক্লিনিক দুটিতে রোগী ভর্তি থাকলেও সেখানে কোনো চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন না। এছাড়া একটি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল। অভিযানের সময় অপারেশনে অ্যানেসথেসিয়া প্রদানকারী চিকিৎসকের কোনো তথ্য বা রেকর্ডও কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম রোধ এবং সেবার মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

