আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার (২৫ জুলাই) ভোর ৬টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত বুধহাটা পশ্চিমপাড়া ও হাবাসপুর এলাকা থেকে বুধহাটা পূর্বপাড়ার স্লুইস গেট পর্যন্ত খালটি পরিষ্কার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধহাটা বাজারের মধ্য দিয়ে প্রবাহিত বেতনা নদী-সংযুক্ত খালটি দীর্ঘদিন ধরে বর্জ্য, কচুরিপানা ও আগাছায় ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই বুধহাটা, কুল্যা, হাবাসপুর, কুলতিয়া, চাঁদপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছিল।
বুধহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শহীদুল ইসলামের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। খাল থেকে কচুরিপানা, আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম, যুব বিভাগের সেক্রেটারি আজাহারুল ইসলাম, বুধহাটা ওয়ার্ড বিএনপির সভাপতি শওকাত, সেক্রেটারি রফিকুল ইসলাম, মোবারক হোসেন, মাজেদ, রবিউল ইসলাম, ইউনুস, নজু, ইসলাম, মিলন, আহসান, রিজাউল ইসলামসহ স্থানীয়রা।
অ্যাডভোকেট শহীদুল ইসলাম বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি পরিষ্কার হলে জলাবদ্ধতা অনেকাংশে কমবে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে খালে বর্জ্য না ফেলার আহ্বান জানাই।”
খাল পরিষ্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, নিয়মিত খাল রক্ষণাবেক্ষণ করা হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।

