খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় এক বীর মুক্তিযোদ্ধার মালিকানাধীন জমি থেকে সুপারি ও মেহগনিসহ প্রায় ৩০টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে তেরখাদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার বিশ্বাস।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে পাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত অজয় কুমার বিশ্বাসের মালিকানাধীন জমিতে প্রবেশ করে অভিযুক্তরা সুপারি ও মেহগনিসহ প্রায় ৩০টি গাছ কেটে নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, গাছ কাটার সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন, মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
অজয় কুমার বিশ্বাসের দাবি, এ ঘটনায় তার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তেরখাদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

