মনিরামপুর (যশোর) প্রতিনিধি
দায়িত্বশীলতা, সততা ও শিক্ষাবান্ধব নেতৃত্বের মাধ্যমে মনিরামপুরের প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের স্বাক্ষর রেখে বদলিজনিত কারণে বিদায় নিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালেব আলম। তাঁর সম্মানে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উপস্থিতি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
রোববার (২৬ জুলাই) দুপুরে যশোরের মনিরামপুর শিক্ষক সমিতি ভবনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি জি এম মাকসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম। তিনি বলেন, “একজন শিক্ষা কর্মকর্তার প্রকৃত সাফল্য শুধু প্রশাসনিক দায়িত্ব পালনে নয়, শিক্ষক-শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জনেও নিহিত। আবু মুত্তালেব আলম নিষ্ঠা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে মনিরামপুরের প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সংবর্ধিত অতিথি আবু মুত্তালেব আলম আবেগঘন বক্তব্যে বলেন, “মনিরামপুর আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। এখানকার শিক্ষক সমাজ আমাকে যেভাবে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, তা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। কর্মস্থল পরিবর্তন হয়, কিন্তু মানুষের আন্তরিক সম্পর্ক বদলে যায় না। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মনির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আফজাল-উর রহমান, মো. সাহিদুর রহমান, মো. সাইফুর রহমান, মো. হারুন অর রশিদ, মো. নিছার আলী, মো. ইমদাদ হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি জি এম মাকসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ফুল আলম বলেন, “আবু মুত্তালেব আলম স্যার ছিলেন একজন অভিভাবকসুলভ, সৎ ও ন্যায়পরায়ণ শিক্ষা কর্মকর্তা। তিনি সবসময় শিক্ষকদের কথা আন্তরিকভাবে শুনেছেন এবং শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর বিদায় আমাদের জন্য বেদনাদায়ক হলেও নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করি”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, আবু মুত্তালেব আলম দীর্ঘদিন যশোরের মনিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি একই পদে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।

