দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন চৌকিদার (৪৮) নামে এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বানেজ উদ্দিন চৌকিদার একই এলাকার মৃত আমির চৌকিদারের ছেলে। তিনি পেশায় গ্রাম পুলিশ ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলে রাজিব (২৫) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বানেজ উদ্দিন তার পালন করা একটি মহিষ বিক্রি করেন। মহিষ বিক্রির টাকা ছেলে রাজিব দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজিবের হাতে থাকা একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে মহিষকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত রাজিব পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, “ছেলের হাতে বাবা নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

