ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে নিজের চেয়ারে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন ইমরান শেখ। ভিডিওতে তাকে টাকা গুনে নিতে দেখা যায়। একই সঙ্গে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও মন্তব্য করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।”
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখ দাবি করেন, এটি ঘুষের টাকা নয়, বরং ধারের টাকা ফেরত নেওয়ার ভিডিও। তিনি বলেন, “অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয়, পরে তা ফেরত দেয়। এটি সেই ধরনের একটি ঘটনা।” তবে তিনি টাকা ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, “এর আগে সরেজমিনে অফিস পরিদর্শনে গিয়ে তাকে না পাওয়ায় শোকজ করা হয়েছিল। ভাইরাল ভিডিওতে টাকা নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এখনো কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

