Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চাঁদা না দেওয়ায় মালয়েশিয়া প্রবাসী মনির মোল্লার ওপর হামলা এবং তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত মনির মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার গাজীটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চর হাজীগঞ্জ গ্রামের আজহার মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত। সম্প্রতি ছুটিতে দেশে আসেন তিনি। পরিবারের অভিযোগ, দেশে ফেরার পর থেকেই এলাকার আইয়ুব খালাসী, তৈয়ব খালাসী, ইমন বেপারী, আলমগীরসহ কয়েকজন তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে তারা অতর্কিত হামলা চালায়।

আহত মনির মোল্লা অভিযোগ করে বলেন, “চাঁদার টাকা না পেয়ে তারা আমাকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। এ সময় আমার কাছে থাকা ৫০ হাজার টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।”

তিনি আরও অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা হাজীগঞ্জ বাজারে অবস্থিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর ও তছনছ চালায়।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনির মোল্লাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত প্রবাসীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ অভিযোগ পেলে বা তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।