কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় নিষিদ্ধ মাছ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর মাছ মার্কেটের মেসার্স মোল্লা মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম বিল্লাহ অভিযান পরিচালনা করেন। জব্দ করা ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ পরে বাজারসংলগ্ন স্থানে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির তথ্য পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মেসার্স মোল্লা মৎস্য আড়ত থেকে ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
তিনি আরও জানান, নিষিদ্ধ মাছ রাখার অপরাধে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি শিগগিরই পিরানহা মাছের চাষ হচ্ছে এমন ঘেরগুলো শনাক্ত করে সেখানেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

