Nabadhara
ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।

নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় সোমবার (২৭ জুলাই) দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করেন।

প্রতিষ্ঠানগুলো হলো—গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দৌলতদিয়া মডেল হাই স্কুল এবং চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কর্মসূচিতে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সচেতনতামূলক এ আয়োজনে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রয়োজনীয়তা, নিরাপদ পরিবেশে ও অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার কৌশল এবং জলাশয়ে নিরাপদ আচরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নদী, পুকুর ও খালে চলাচলের সময় করণীয়, বর্ষা মৌসুমে অতিরিক্ত সতর্কতা অবলম্বন, নৌযান ব্যবহারের নিরাপত্তা বিধি এবং জলদুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, অপ্রয়োজনে নদী বা গভীর জলাশয়ে নামা থেকে বিরত থাকতে হবে। সাঁতার না জানলে কখনো একা পানিতে নামা যাবে না। নৌকা বা ট্রলারে চলাচলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত অভিভাবক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “বাংলাদেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বিশেষ করে শিশু-কিশোর, পানিতে ডুবে প্রাণ হারায়। সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আচরণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার প্রতি উৎসাহিত করছি। পাশাপাশি নদী, পুকুর ও খালে চলাচলের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বাস্তবধর্মী পরামর্শ দেওয়া হচ্ছে। নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।”

দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “আমাদের ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষক নিয়মিত সাঁতার শেখা ও জীবনদক্ষতা বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে থাকেন। তারপরও দৌলতদিয়া নৌ-পুলিশের এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বাড়তি সচেতনতা ও অনুপ্রেরণা সৃষ্টি করবে। এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।