মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) দুপুরে শিবচর থানার আব্দুল লতিফ ব্যাপারী কান্দি এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—শিবচর উপজেলার আব্দুল লতিফ ব্যাপারী কান্দি এলাকার মো. আজাহার খাঁ (৪৫), মো. নিজাম ফরাজী (৩০) এবং শুক্কুর হাওলাদার কান্দি এলাকার মোস্তফা চৌকিদার (২৪)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শিবচর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুদু মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ আরও জানায়, মাদারীপুর জেলায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

