Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু মোকাবিলায় দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবে খুলনা সিটি করপোরেশন: মঞ্জু

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

ডেঙ্গুর বিস্তার রোধে আগামীকাল থেকে নতুন উদ্যমে ও দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। একই সঙ্গে রোগীর সংখ্যা কমাতে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। এ পরিস্থিতিতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ সরবরাহ এবং মশক নিধন কার্যক্রম ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রতিদিন দুই দফায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে হাসপাতালের ওপর চাপ হ্রাস করাই সিটি করপোরেশনের লক্ষ্য।

জলাবদ্ধতাকে ডেঙ্গু নিয়ন্ত্রণের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রশাসক বলেন, এ সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ চলছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামীকাল থেকে আরও বিস্তৃত ও কার্যকর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য খুলনা মহানগর গড়ে তোলার কার্যক্রম আরও বেগবান করা হবে।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. পরিতোশ কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম এবং উপপরিচালক ডা. সুজাত আহমেদ।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগ নির্ণয়, চিকিৎসা এবং হালনাগাদ ব্যবস্থাপনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল কবির এবং ডা. মোহাম্মদ কবীর উল ইসলাম। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অপসোনিন ফার্মা লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার অসিম কুমার ভৌমিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।