Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে ১০ মাসের শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আরিশা জান্নাত (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার আটরশি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ আরিশাকে চিকিৎসকের কাছে নিতে তার মা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে এক ব্যক্তি যানবাহন থেকে টাকা তুলছিলেন। এ সময় হাতিটি শুঁড় উঁচু করে অটোরিকশার দিকে এগিয়ে এলে ধাক্কা লেগে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

দুর্ঘটনায় শিশুটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়া (২৪)-কে আটক করে গণপিটুনি দেয় এবং হাতিটিকেও আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।

সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মাহুতকে হেফাজতে নেওয়া হয়েছে এবং হাতিটিকে উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।